মাদারীপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরীতে ১৫টি করাতকল স্থাপন করা হয়েছে। এর সীমানা ঘেঁষে রয়েছে আরও ১৭টি করাতকল। এ ৩২টি কলই অবৈধভাবে বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
করাতকলের ময়লা-আবর্জনা ও কাঠের গুঁড়ার কারণে বিসিকের ২৮টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর অবস্থায় খাদ্য তৈরি করতে বাধ্য হচ্ছে। এরপরও এসব কল বন্ধে স্থানীয় প্রশাসন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
বন বিভাগের জেলা কার্যালয়ের সহকারী বন সংরক্ষক দীপক রঞ্জন সাহা বলেন, খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আশপাশে করাতকল স্থাপন করার নিয়ম নেই। বিসিকের করাতকলগুলোর অনুমোদন নেই। বিসিকের বাইরের ১৭টি করাতকলও অনুমোদনহীন। এসব অবৈধ করাতকল উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কাছে তালিকা দেওয়া হয়েছে। শিগগিরই এগুলো উচ্ছেদ করা হবে।
বিসিকের জেলা কার্যালয় সূত্র জানায়, মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় কুমার নদের তীরে ১৯৮০ সালে বিসিক শিল্পনগরী স্থাপন করা হয়। ক্ষুদ্র ও কুটির শিল্প সম্প্রসারণের উদ্দেশ্যে ১৬ দশমিক ৩৩ একর জায়গায় বিভিন্ন আকৃতির ১২৬টি প্লট ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৯৬টিতে শিল্প স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে ২৮টিতে খাদ্য তৈরি করা হয়। কাঠের আসবাব তৈরির কথা বলে বিসিকের প্লট বরাদ্দ নিয়ে ১৫টি করাতকল স্থাপন করা হয়। বিসিকের সীমানা ঘেঁষে কুমার নদের তীরে খাসজমিতে কাঠের মোকাম গড়ে উঠেছে। সেখানে আরও ১৭টি করাতকল বসানো হয়েছে।
বিসিকের প্লট বরাদ্দ নিয়ে শাহ আলম গাজী নামের এক ব্যক্তি চারটি করাতকল স্থাপন করেছেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী ইয়ারুন নেছা এসব দেখাশোনা করেন। তিনি করাতকলগুলো স্থানীয় কাঠের মোকামের ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। তিনি বলেন, ‘এগুলো বন্ধ করার জন্য কেউ কখনো বলেননি।’
আবদুল হক নামের একজন বলেন, ‘বিসিকের জায়গায় ১৫টি ও এর সীমানা ঘেঁষে আরও ১৭টি করাতকল রয়েছে। প্রায় ২০-২৫ বছর ধরে এসব করাতকলে আমরা কাঠের ব্যবসা করছি। করাতকলগুলো উচ্ছেদের জন্য কেউ কখনো চাপ দেয়নি।’
নাম প্রকাশ না করার শর্তে বিসিক শিল্পনগরীর এক বেকারির মালিক বলেন, ‘বিসিকের পূর্ব অংশে সব সময় ধুলা-ময়লা ওড়ে। করাতকলের কাঠের গুঁড়ার কারণে কারখানার পরিবেশ নষ্ট হচ্ছে। কলগুলো বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য অনেকবার বিসিক কর্তৃপক্ষকে বলেছি, লাভ হয়নি। কাঠের ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ কাজে আসে না। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত করতে হচ্ছে।’
মাদারীপুর বিসিকের সহকারী মহাব্যবস্থাপক ইউসুফ আলী মোল্লা বলেন, ‘দেশের কোনো বিসিক শিল্পনগরীতে করাতকল নেই। এসব কলের ধুলা-ময়লায় শিল্পনগরীর পরিবেশ নষ্ট হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। বিসিক থেকে করাতকল অপসারণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’