বিস্কুট মচমচে করতে ক্ষতিকর অ্যামোনিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্কুট তৈরির উপকরণের মধ্যে ছিল ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়া। বিস্কুট যাতে মচমচে হয়, সে কারণে অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া ব্যবহার করা হতো পোড়া তেল। কারখানার পরিবেশও নোংরা এবং অস্বাস্থ্যকর।
চট্টগ্রামের পটিয়ায় বনফুল অ্যান্ড কোম্পানির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে। অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার হুলাইন পাঁচুরিয়া এলাকায় বনফুলের কারখানায় এ অভিযান চালান র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযানের সময় র্যা ব-৭-এর সহকারী পরিচালক মিমতানুর রহমান, বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক সাইফুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় ৮৩ বস্তা অ্যামোনিয়া জব্দ করা হয়েছে।
অভিযানের সময় দেখা যায়, নোংরা ও স্যাঁতসেঁতে মেঝের ওপর সেমাই তৈরির কাজ চলছে। সেমাই তৈরির ময়দা ও ডালডা মেঝের ওপর ফেলে রাখা হয়েছে। এর ওপর দিয়েই শ্রমিকেরা হাঁটাচলা করছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অ্যামোনিয়া মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক। সাধারণত সার কারখানায় ও টেক্সটাইলের কাজে এটি ব্যবহার করা হয়। অথচ বনফুল তাদের বিস্কুট মচমচে করার জন্য অ্যামোনিয়া ব্যবহার করছিল। এ ছাড়া তারা পোড়া পামতেল, নিম্নমানের ডালডা দিয়ে খুবই নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে লাচ্ছা সেমাই তৈরি করছিল। বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কারখানার পরিবেশের উন্নতি না ঘটালে এবং পোড়া তেল কিংবা অ্যামোনিয়া আবারও ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। অভিযানে জব্দ করা ৮৩ বস্তা অ্যামোনিয়া ধ্বংস করা হয়েছে।
এদিকে খাওয়ার অনুপযোগী রং মিশিয়ে কেক তৈরি করার অপরাধে চট্টগ্রাম নগরের সিজল ফুডকে তিন লাখ টাকা জরিমানা করেছেন একই ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে নগরের আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায় সিজল ফুডের কারখানায় এ অভিযান চালান র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়েছে।