বিস্কুট মচমচে করতে ক্ষতিকর রাসায়নিক, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্কুট তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়া ও পোড়া তেল ব্যবহার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই-বিস্কুট তৈরি করায় পটিয়া উপজেলায় বনফুল অ্যান্ড কোম্পানিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার উপজেলার হুলাইন পাঁচুরিয়া এলাকায় বনফুলের কারখানায় অভিযান চালান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী হাকিম সারওয়ার আলম।
নির্বাহী হাকিম বলেন, অ্যামোনিয়া মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক। সাধারণত সার কারখানা ও টেক্সটাইলের কাজে এটি ব্যবহার করা হয়। অথচ বনফুল তাদের বিস্কুট মচমচে করার জন্য অ্যামোনিয়া ব্যবহার করছিল। এ ছাড়া তারা পোড়া পামতেল ও নিম্নমানের ডালডা দিয়ে খুবই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করছিল। এ জন্য বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এই এক মাসের মধ্যে কারখানার পরিবেশের উন্নতি না ঘটালে এবং পোড়া তেল কিংবা অ্যামোনিয়া আবারও ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। অভিযানের সময় জব্দ করা ৮৩ বস্তা অ্যামোনিয়া ধ্বংস করা হয়েছে বলেও জানান নির্বাহী হাকিম।

এ সময় র‌্যাব-৭–এর সহকারী পরিচালক মিমতানুর রহমান ও বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক সাইফুর রহমান উপস্থিত ছিলেন।