বিস্কুটের কার্টনে মিলল ৪০ হাতবোমা
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী বাজারে একটি ঘর থেকে ৪০টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব-৮ এর একটি দল। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে দুটি বিস্কুটের কার্টন থেকে এসব হাতবোমা উদ্ধার করা হয়।
পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের কমান্ডিং কর্মকর্তা ফয়েজুল ইসলামের ভাষ্য, গতকাল রাতে র্যাব সদস্যদের একটি দল শিয়ালী বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বাজারের একটি ঘরের সামনে থেকে এক বা একাধিক ব্যক্তি দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। তা দেখে র্যাব সদস্যদের সন্দেহ হয়। তখন তারা ওই ঘরের মধ্য থেকে দুটি বিস্কুটের কার্টন উদ্ধার করে। সে কার্টন দুটি খুলতেই ৪০টি হাতবোমা মেলে ।
ফয়েজুল ইসলামের দাবি, কে বা কারা ওই হাতবোমাগুলো এনেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। নাশকতা সৃষ্টি করতে এগুলো আনা হতে পারে বলে ধারণা করছে র্যাব। পুলিশকে অবহিত করে আজ শনিবার সকাল ১০টার দিকে র্যাব-৮ এর দপ্তরে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।