দুটি শিশুরই বয়স পাঁচ বছরের কম। তারা সমবয়সীদের সঙ্গে খেলতে খেলতে পাশের বাড়ি গিয়েছিল। ওই বাড়ির এক যুবক তাদের বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরের দিকে রাজশাহীর চারঘাটের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহীর আদালতে ২২ ধারায় দুই শিশুর জবানবন্দি রেকর্ড করেছেন রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
এ ঘটনায় শনিবার রাতেই চারঘাট থানায় মামলা হয়েছে। পুলিশ বলছে, দুই শিশুর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। দুই শিশুর স্বাস্থ্য পরীক্ষা গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে সম্পন্ন হয়েছে। এরপরে বিকেলে রাজশাহীর আদালতে ২২ ধারায় দুই শিশুর জবানবন্দি রেকর্ড করেছেন রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা।
গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে পারেনি। তবে রাত সাড়ে আটটার দিকে তাঁর মা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কণ্ডু প্রথম আলোকে বলেন, অভিযুক্ত যুবক রাজমিস্ত্রির কাজ করেন। বাড়িতে তাঁর সঙ্গে মা থাকেন। ঘটনার সময় তাঁর মা বাসায় ছিলেন না। এই সুযোগে খেলতে আসা দুই শিশুকে তিনি বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ অভিযোগে শিশু দুটির অভিভাবক থানায় মামলা করেছেন।
দুই শিশুর শরীরেই ধর্ষণের আলামত আছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামির মা ও ভাইকে আটক করা হয়েছে।সমিত কুমার কণ্ডু, রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
একটি শিশুর বাবা জানান, মেয়ে তাঁকে জানিয়েছে যে ওই যুবক গামছা দিয়ে তার মেয়ের মুখ বেঁধে ফেলেছিল। যাতে মেয়ে চিৎকার করতে না পারে। ওই ঘটনার পর শনিবার রাতে মেয়ের কাঁপুনি দিয়ে জ্বর আসে। ওষুধ খাওয়ানোর পর সুস্থ হয়েছে। তবে ভয়ে মেয়ে এখনো মাঝেমধ্যেই চমকে উঠছে উঠছে।
ওসি সমতি কুমার আরও বলেন, দুই শিশুর শরীরেই ধর্ষণের আলামত আছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আসামি ধরার জন্য অভিযান চালায়। তবে আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাঁকে ধরার জন্য অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামির মা ও ভাইকে আটক করা হয়েছে।