বিস্ফোরণের ছবি তোলায় দুই সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল বিস্ফোরণের ছবি ধারণ করার সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সাতটার দিকে রাজু ভাস্কর্যের পাশে একটি ককটেলের বিস্ফোরণ হয়। এ সময় টিএসসিতে গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এটিএন নিউজের প্রতিবেদক ও ফটোসাংবাদিক। ফটো সাংবাদিক তাৎক্ষণিক ছবি তুলতে ছুটে এলে কয়েকজন তাঁদের ঘিরে ফেলেন। তাঁরা নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করেন, ককটেল বিস্ফোরণ ঘটানো হবে—আগেই এমন সংবাদ পেয়ে সাংবাদিকেরা এখানে এসেছেন। তাঁরা জানেন কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
এ সময় সাংবাদিকদের গাড়ির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়।
লাঞ্ছনার শিকার হওয়া ওই সাংবাদিক প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান কাভার করতে যাই। ওই অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় টিএসসির মোড়ে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে থাকি। হঠাৎ গাড়ির পেছন দিকে ককটেল বিস্ফোরণ হয়। এর ছবি ধারণ করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ঘিরে ফেলে। পরে পুলিশ আমাদের থানায় নিয়ে আসে।’
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানকে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি মুঠোফোন ধরেননি।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘বিস্ফোরণের ছবি ধারণ করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংবাদিকদের ঘিরে ফেলেন। টিএসসিতে দায়িত্বরত পুলিশ ওই সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’