বিস্ফোরক তৈরির উপাদানসহ জৈন্তাপুরে আটক ২
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা থেকে বিস্ফোরক তৈরির উপাদানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করে র্যাব।
আটক দুজন হলেন খায়রুল ইসলাম (২২) ও নজরুল ইসলাম (৩৫)। খায়রুলের বাড়ি কানাইঘাট উপজেলা বড়বন গ্রামে এবং নজরুলের বাড়ি একই উপজেলার দুর্গাপুর গ্রামে।
গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-৯ লে. কর্নেল আলী হায়দার বলেন, আটক দুজনের কাছ থেকে ৩০টি ইলেকট্রিক ডেটোনেটর এবং পাওয়ার জেল উদ্ধার করা হয়েছে। তামাবিল সীমান্ত দিয়ে এগুলো আনা হয়েছে। বিস্ফোরক তৈরির এসব উপাদান এর আগে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলোর সঙ্গে মিল রয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে এগুলো জঙ্গিদের নাশকতায় ব্যবহারের জন্য আনা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বরাত দিয়ে আলী হায়দার আরও জানান, আটককৃত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা বাহক। তাঁদের সঙ্গে থাকা আরও তিন ব্যক্তি পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, আটক দুজন কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। এগুলো কোথায় ব্যবহারের জন্য আনা হয়েছে এবং কারা তা ব্যবহার করত, তা জানার জন্য আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।