বিস্ফোরকসহ তিন জেএমবি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে র‌্যাব-৫-এর একটি দল জেলার তানোর উপজেলা একটি গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে। আজ রোববার ভোররাতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন সাহেবজান আলী (৩৫), আবুল কালাম আজাদ (২৮) ও জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৮)। তাঁরা তানোরের বিলশহর গ্রামের বাসিন্দা। তাঁদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য, জিহাদি বইসহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-৫-এর অধিনায়ক মাহবুবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যে জানা যায়, তানোরের বিলশহর এলাকায় গোপনে কিছু জঙ্গি তাঁদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এদের একটি দল নাশকতার পরিকল্পনা করতে গতকাল শনিবার দিবাগত রাতে সাহেবজান আলীর বাড়িতে গোপন বৈঠকে বসে। এ তথ্যের ভিত্তিতেই বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় এই তিন জেএমবি সদস্যকে আটক করা হয়। বাড়িটি থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গানপাউডার, দুটি জিহাদি বই, ৪০ গ্রাম সোডা, সমপরিমাণ চুন, পাঁচটি হ্যান্ডনোট, সাতটি জিহাদি লিফলেট ও বোমা তৈরির নানা সরঞ্জাম।

বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যাটারি, জর্দার কৌটা, ইলেকট্রিক তার, রাংতার, কাটার প্লাস, তাতাল, স্কচটেপ, সুপার গ্লু, আইসি ও মার্বেল।

র‌্যাব অধিনায়ক জানান, আটক ব্যক্তিদের র‌্যাব-৫-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা কবে, কোথায় নাশকতার পরিকল্পনা করেছিলেন, তা জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের তানোর থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।