বিস্ফোরকসহ বিএনপি কর্মী আটকের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. রেজাউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ (র‍্যাব)। র‍্যাবের দাবি, রেজাউরের কাছ থেকে ২০টি ককটেল ও ২০টি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। তিনি বিএনপির কর্মী।

আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে র‍্যাবের পক্ষ থেকে মুঠোফোনে পাঠানো খুদে বার্তায় এ দাবি করা হয়। র‍্যাবের দাবি, রেজাউর গুলশানে নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ঘেরাও কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত।

গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

দুপুর ১২টার দিকে গুলশান সেন্ট্রাল পার্ক থেকে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে রওনা হন সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। মিছিলটি খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে যাওয়ার সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গুলশান ২ নম্বর মোড়ের পাশে মেট্রোপলিটন শপিং প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। মিছিলে থাকা এক ব্যক্তির পায়ের ওপর এসে ককটেলটি পড়ে। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে মেট্রোপলিটন শপিং প্লাজায় ভাঙচুর চালান।

বেলা দেড়টার দিকে গুলশান ২ নম্বর থেকে নতুন বাজারের দিকে যেতে সড়কে আবার দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ওই এলাকায় অবস্থানরত সরকারপন্থী নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।