বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ নাসির উদ্দিন (২৮) গতকাল সোমবার মারা গেছেন। নাসির পঞ্চবটী ফাজেলপুর এলাকার আলী আকবরের ছেলে।
নাসিরের বোন রওশন আরা আক্তার জানান, তাঁর বড় ভাই নাসির পেশায় বিদ্যুতের মিস্ত্রি ছিলেন। বাড়ির অদূরে তাঁদের বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের দোকান রয়েছে। গত রোববার সন্ধ্যায় নাসির ও তাঁর আরেক বড় ভাই আসলামকে ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এসএসএস) নামের এক এনজিওর লোকজন বৈদ্যুতিক কাজের জন্য ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁরা খবর পান, ওই কার্যালয়ে আগুন লেগেছে। আশপাশের লোকজন কয়েক ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে নাসির মারা যান।আসলামের অবস্থাও আশঙ্কাজনক।
রওশন আরা আক্তার আরও জানান, তাঁদের পরিবারের আয়ের উৎস ছিল নাসির ও আসলাম। নাসিরের মৃত্যু ও অপর ভাই আসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁরা খুবই চিন্তিত।
গত রোববার সন্ধ্যায় পঞ্চবটীতে রূপসী হাউজিংয়ে অবস্থিত চারতলা ভবনের নিচতলায় এসএসএসের কার্যালয়ে বিকট শব্দে বিস্ফোরণে সাতজন অগ্নিদগ্ধ হন। এ ছাড়া আতঙ্কে ওই ভবনের বাসিন্দারা তাড়াহুড়া করে নামতে গিয়ে শিশু-নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হন। পরে গুরুতর আহত ও অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, নাসিরের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অগ্নিদগ্ধ আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক।