বিহারে দুই 'বাংলাদেশি' গ্রেপ্তার
ভারতের বিহার রাজ্যে দুই ‘বাংলাদেশি’কে গ্রেপ্তার করেছে দেশটির রেলওয়ে পুলিশ। আজ সোমবার ভারতের রেলওয়ে পুলিশ এ কথা জানায়। তাঁদের নাম মো. মুস্তফা কামাল (২৩) ও মো. সেলিম (২৪)।
মিয়ানমারের শরণার্থীশিবির থেকে গত বছর বাংলাদেশের একটি শরণার্থীশিবিরে তাঁরা আসেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তবে তাঁদের কাছে পাসপোর্ট-ভিসা ছিল কি না, তা বলা হয়নি।
রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক অলক প্রতাপ সিং বলেন, বিহারের বেগুইসারি জেলার বারুইনি রেলওয়ে স্টেশনে সাম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
অলক প্রতাপ সিং বলেন, জিজ্ঞাসাবাদে দুই বাংলাদেশি জানিয়েছেন, তাঁরা মিয়ানমারের একটি শরণার্থী ক্যাম্পে ছিলেন। সেখান থেকে গত বছর তাঁরা বাংলাদেশের একটি শরণার্থীশিবিরে যান। তিনি বলেন, সম্প্রতি ওই দুজন আন্তর্জাতিক সীমান্ত পাড়ি দিয়ে আগরতলায় আসেন। ‘যে কারও নির্দেশে’ জম্মু ও কাশ্মীরে যাওয়ার জন্য তাঁরা ট্রেনে ওঠেন।
অলক প্রতাপ সিং আরও বলেন, ভারতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করবেন।