
সিলেটের বিয়ানীবাজারে জায়গা দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে। নিহত মাহতাব উদ্দিন (৪৫) আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রকাশ্যে হামলা করে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত লোকজনের বাড়ি ও ঘটনাস্থলে থাকা একদল পুলিশকে ঘণ্টা খানেক অবরুদ্ধ করে রাখেন।
মাহতাব উদ্দিনের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। পেশায় গৃহস্থ মাহতাবের পরিবারে স্ত্রীসহ তিন ছেলেমেয়ে রয়েছে। আলীনগর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ঘটনার সময় হামলাকারীদের পাশে পুলিশ ছিল। এর পরও হত্যার ঘটনা ঘটায় এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ করেছেন।
ঘটনা সম্পর্কে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মাহতাব উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল একই গ্রামের আবদুল মুমিত সুমন ও রুবেল আহমদ পক্ষের। গত কয়েক দিন থেকে এ বিরোধে দুই পক্ষে উত্তেজনা ছড়ালে গতকাল সকালে বিয়ানীবাজার থানায় পুলিশকে খবর দিয়ে রুবেল-সুমনের পক্ষ জমি দখলে যায়। তাঁদের সঙ্গে বিয়ানীবাজার থানার এএসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ছিল।
জমি দখলে যাওয়ার পথে মাহতাব উদ্দিন তাঁদের পথ রোধ করে দাঁড়ালে তাঁকে মারধর করে একপর্যায়ে কুপিয়ে ফেলে চলে যায় রুবেল-সুমনের পক্ষের একদল অস্ত্রধারী। পরে মাহতাবকে উদ্ধার করতে গিয়ে মৃত অবস্থায় পাওয়ায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা রুবেল-সুমন পক্ষের লোকজনকে খুনি অভিযুক্ত করে ধাওয়া দিয়ে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন।
ঘটনার সময় পুলিশ তাঁদের সঙ্গে থাকায় এলাকাবাসীর ধাওয়ার মুখে পড়ে। বিক্ষুব্ধ লোকজনের মধ্যে এক পক্ষ পুলিশ ও হামলাকারীদের একটি বাড়িতে আটকে ঘেরাও করে রাখে। আরেক পক্ষ মাহতাবের মরদেহ নিয়ে মিছিল করে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদসহ অতিরিক্ত পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে রুবেল, সুমনসহ আটজনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। ওসি বলেন, আটক আটজনই হত্যাকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম বদরুজ্জামান বলেন, জায়গা বেদখলে রয়েছে বলে সুমন-রুবেলের পক্ষে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়। এটি তদন্তে গিয়েছিলেন এএসআই শাহ আলম। ঠিক এ সময়ই ঘটনা ঘটে। পুলিশের সামনেই হত্যার ঘটনা ঘটেছে কি না—এ বিষয়টি তদন্ত করা হবে।