বিয়ানীবাজারে কিশোর ও মির্জাপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া হাওর থেকে গতকাল মঙ্গলবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদের ত্রিমোহন এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

 নিহত ব্যক্তিরা হলেন বিয়ানীবাজার উপজেলার পাতারিপাড়ার আবদুল মান্নানের ছেলে আবদুল ওয়াহিদ (১৭) এবং বাসাইল উপজেলার বৈরপাড়া গ্রামের তারা মিয়া (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মির্জাপুরের পাতারিপাড়ার ওয়াহিদ গত সোমবার রাতে বাড়ি ফেরেনি। গতকাল সকাল থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করছিলেন। দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মুড়িয়া হাওরে গিয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে সেখানে গিয়ে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ওয়াহিদের শরীরে ধারালো অস্ত্রের সাতটি আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ হাওরে ফেলে রেখে গেছে। সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মির্জাপুর থানার পুলিশ জানায়, গত শনিবার রাতে বাসাইল উপজেলার বৈরপাড়া গ্রামের তারা মিয়া নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন বাসাইল থানায় তাঁর ছেলে জুয়েল মিয়া সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে এলাকাবাসী তাঁর লাশ বংশাই নদের ত্রিমোহন এলাকায় একাব্বর হোসেন সেতুর কাছে ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সকাল ১০টায় সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, তারা মিয়ার দুই গালে ও কনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর সংসারে দুই স্ত্রী রয়েছেন। বড় স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। তিনি হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।