বিয়ে ঠেকাতে বাবাকে খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের নেশা বাবার। গুনে গুনে করেছেন ১৯ বিয়ে। ক্ষিপ্ত হয়ে তাই বাবাকে হত্যা করিয়েছেন ছেলে।


ছেলের নাম আল আমিন (২১)। রাজধানীর কামরাঙ্গীরচরের বাচ্চু মিয়া (বাচ্চু কবিরাজ) হত্যা মামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আল আমিন।

এর আগে আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনেও হত্যার কারণ হিসেবে বাচ্চু মিয়ার একাধিক বিয়ে ও এ নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।

তবে এ ঘটনায় বাচ্চুর অন্য স্ত্রীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রথম আলোকে দেওয়া কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলমের বক্তব্য মতে, বিয়ে করা ছিল বাচ্চু কবিরাজের নেশা। অনেকগুলো বিয়ে করেছেন তিনি। এ নিয়ে তাঁর বড় স্ত্রীর ছেলেমেয়েরা ক্ষিপ্ত ছিলেন। এ কারণে বাচ্চু মিয়ার ছেলে আল আমিন মাস্তান দিয়ে নিজের বাবাকে হত্যা করিয়েছেন।

গত বছরের ৩১ ডিসেম্বর কামরাঙ্গীরচর নিজের বাসার সামনে বাচ্চু কবিরাজ খুন হন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তাঁর বড় স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, বাচ্চু মিয়ার লালবাগ কেল্লার মোড়ে আল আমিন দরবার নামের একটা চিকিৎসালয় (দাওয়াখানা) আছে। ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে বাসার সামনে আসার পর ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করা হয়। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলার বাদী বাচ্চুর স্ত্রী জরিনা বেগমের ভাষ্য, তাঁকে বিয়ের পর আরও ১৮টি বিয়ে করেন বাচ্চু মিয়া। তিনি লালবাগে কবিরাজি করেন বহু বছর। কবিরাজির বিজ্ঞাপনের কাজে অল্পবয়স্ক মেয়েদের নিয়োগ দিতেন। তাঁদের মধ্যে পছন্দ হলেই তাঁকে বিয়ে করে ঘরে আনতেন। তাঁর ছেলে আলামিন লেখাপড়া করতেন। বাবার নতুন নতুন বিয়ে করা নিয়ে তিনি ক্ষিপ্ত ছিলেন। এ কারণে নিজের বাবাকে হত্যার পরিকল্পনা করেন।

পুলিশ সূত্র বলছে, বাচ্চু মিয়া খুনের ২২ দিন পর পুলিশ সুজন নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে। পরে ২২ জানুয়ারি কামরাঙ্গীরচর থানার পুলিশ ঢাকার আদালতে এক প্রতিবেদন দিয়ে বলেন, অল্পবয়স্ক মেয়েদের বিয়ে করা ছিল বাচ্চু কবিরাজের নেশা। তাঁর এই বিয়ে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। কয়েক মাস ধরে তিনি বড় বউ ও তাঁর সন্তানদের দেখাশোনা করতেন না। ছোট বউকে নিয়ে থাকতেন। বড় স্ত্রীর দুই সন্তানকে আলাদা করে দেন। এ কারণে তাঁর ছেলে আল আমিন বাচ্চুকে খুনের পরিকল্পনা করেন। খুনের এক মাস আগে রাজন নামের একজনকে ৫০ হাজার টাকা অগ্রিম দেন। খুন করার পর আরও এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেন।

আদালতে জমা দেওয়া প্রতিবেদনে আরও বলা হয়, কামরাঙ্গীরচরের রাজন, সহিদ ও সুজন বাচ্চু কবিরাজের ঘাড়ে চাকু চালিয়ে হত্যা করেন। বাচ্চু খুনের ঘটনায় ছেলে আল আমিনের পাশাপাশি তাঁর জামাই ফিরোজকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রাজন, সুজন, সহিদকেও গ্রেপ্তার করেছেন পুলিশ। তাঁরা সবাই কারাগারে আছেন।

আল আমিন মামলার বাদী জরিনার ছেলে। জরিনা প্রথম আলোকে বলেন, তাঁর জানা মতে বাচ্চু কবিরাজ ১৯টা বিয়ে করেছেন। এর বাইরে কতগুলো করেছেন, তা তিনি জানেন না। বিয়ে নিয়ে তাঁর সংসারে সব সময় অশান্তি লেগে থাকত। কয়েক মাস আগেও নতুন আরেকটা একটা বিয়ে করেন। বিয়েকে কেন্দ্র করেই তাঁর ছেলে আল আমিন তাঁর বাবাকে হত্যা করিয়েছেন।