বিয়ে দিতে রাজি না হওয়ায় বাড়িতে হামলা, আহত ৪
ময়মনসিংহের নান্দাইলে বিয়ে দিতে রাজি না হওয়ায় এক কিশোরীর চাচি, চাচা, বোন ও দাদিকে মারধর করেছে একদল বখাটে। গত বুধবার এ ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ওই কিশোরীর চাচা (৪৫), চাচি (৩৫) ও দাদি (৭০) স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যায় চিকিৎসা নিচ্ছেন। এ সময় কিশোরীর চাচা ও দাদির সঙ্গে কথা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই কিশোরীর চাচা অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর তাঁর ভাতিজির বিয়ের আয়োজন করা হয়েছিল। উপজেলার ধরগাঁও গ্রামের মো. ফাইজুল মিয়া বাল্যবিবাহের অজুহাত তুলে প্রথমে বিয়েটি বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি নিজেই বিয়ে করবেন বলে তাঁর ভাতিজিকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন। স্বজনেরা কিশোরীকে তাঁরা মামার বাড়ি পাঠিয়ে দিলে ফাইজুল ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হন। ওই ঘটনার পাঁচ দিন পর গত বুধবার বিকেলে ফাইজুল তাঁর সহযোগীদের নিয়ে সেই বাড়িতে গিয়ে হামলা চালান।
ওই কিশোরীর দাদি (৭০) বলেন, বখাটেরা প্রথমে তাঁর এক নাতনির (জেএসসি পরীক্ষার্থী) ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাঁকে (বৃদ্ধা) মারধর করে। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ছেলে ও এক পুত্রবধূ আহত হন। কিশোরীর চাচা আরও বলেন, এ ঘটনায় তিনি গত বৃহস্পতিবার রাতে নান্দাইল মডেল থানায় অভিযোগ দিয়েছেন। থানায় অভিযোগ দেওয়ার খবর পেয়ে ফাইজুল ও তাঁর সহযোগীরা গাÑঢাকা দিয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য গতকাল শনিবার বাড়িতে গিয়ে ফাইজুলকে পাওয়া যায়নি। অপর অভিযুক্ত ব্যক্তিদের একাধিক মুঠোফোন নম্বরে ফোন দিলে সেগুলো বন্ধ পাওয়া যায়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, একজন উপপরিদর্শককে (এসআই) অভিযোগ তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।