বিয়েবাড়িতে হামলা, পুলিশসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ শুক্রবার বিকেলে এক বিয়েবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা গোপালদী পৌর মেয়রের গাড়িসহ বর পক্ষের পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে। হামলায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কনের পরিবারের অভিযোগ, আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরজু হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ বেলা তিনটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকার এক মেয়ের সঙ্গে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার এক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় যুবলীগ নেতা আরজু হোসেন ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের নেতৃত্বে দুই শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে বিয়েবাড়িতে হামলা চালায় এবং কনেকে অপহরণের চেষ্টা করে। তখন কনে ও বর পক্ষের লোকজন বাধা দিতে গেলে হামলাকারীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় হামলাকারীরা ২০-২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলাকারীরা বর পক্ষের অতিথি গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারকে একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে হামলাকারীরা তাঁর গাড়ি ও বরযাত্রীদের পাঁচটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এসব ঘটনায় পুলিশের চার সদস্যসহ ২০ জন আহত হন। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কনের বাবা রিপন মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আরজু ও জাকিরের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তবে মেয়েকে তিনি বরের বাড়িতে পাঠিয়ে দিতে পেরেছেন বলে জানান।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা আরজু হোসেন দাবি করেন, সম্প্রতি তাঁর ভাতিজার সঙ্গে রিপনের মেয়ের বিয়ের কথা পাকাপাকি হয়। কিন্তু কনে পক্ষ তাঁদের না জানিয়ে অন্য স্থানে বিয়ের আয়োজন করে। এ নিয়ে তাঁদের জিজ্ঞাসা করতে গেলে সংঘর্ষ বেধে যায়।
তবে রিপন এ দাবি অস্বীকার করে বলেন, তাঁর মেয়ের সঙ্গে আরজুর ভাতিজার বিয়ের কথা পাকাপাকি হয়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।