বিয়ে বাড়ির 'প্রতারক' অতিথি তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন্ত্রিত অতিথি না হলেও পরিপাটি পোশাকে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতেন তাঁরা। অন্য অতিথিরা ভাবতেন বিয়ে বাড়ির কারও না কারও স্বজন বা পরিচিত তাঁরা। কিন্তু সুন্দর সাজসজ্জার আড়ালে তাঁরা আসলে প্রতারক।
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার প্রতারক চক্রের এমন সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। তাঁদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সাত প্রতারক হলেন: কুলছুমা বেগম, জেসমিন, তছলিমা আক্তার, জেনি, নাজমা ওরফে রফিকা, আবদুল খালেক ও নূর মোহাম্মদ। তাঁদের কাছ থেকে পাঁচটি চোরাই মুঠোফোন, পোশাক, এক জোড়া সোনার কানের দুল ও নাকফুল উদ্ধার করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত নারীদের সঙ্গে অতিথি হিসেবে মিশে যেতেন তাঁরা। এরপর সুযোগ বুঝে নারীদের ব্যাগ থেকে, স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়তেন। বিয়ের অনুষ্ঠানে গিয়ে প্রতারণা করাই ছিল তাঁদের মূল কাজ। এ কাজে পুরুষ প্রতারকেরা তাঁদের সহযোগিতা করে আসছিলেন।
ওসি জানান, প্রতারণার অভিযোগ পেয়ে রূপনগর কমিউনিটি সেন্টারের বিয়ের অনুষ্ঠান থেকে প্রতারক নাজমাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।