বিয়েতে আমন্ত্রণ না পেয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা। একপর্যায়ে তা নিয়ে সংঘর্ষ। আর তাতেই প্রাণ গেল এক যুবকের। আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি টাকিমারা গ্রামের সরোয়ার রহমানের ছেলে। গুরুতর আহত একই এলাকার ইদবার আলী (৫০) ও আবদুল মজিদকে (৪৪) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে টাকিমারা গ্রামে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শাহীন সালাউদ্দীন ও এনামুল হকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ওই খুনের ঘটনায় দায়ের করা ওই মামলায় সম্প্রতি এনামুল পক্ষের কয়েকজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শাহীন ওই মামলার বাদী পক্ষের লোক। এ নিয়ে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।
আজ শুক্রবার শাহীন সালাউদ্দীনের এক সমর্থকের বিয়ে চলছিল। কিন্তু একই এলাকার মানুষ হয়েও এনামুলদের পক্ষের লোকদের আমন্ত্রণ না জানানোয় এনামুলের সমর্থকেরা বিয়েবাড়িতে গিয়ে শাহীন সালাউদ্দীনের লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুল শাহীন সালাউদ্দীন পক্ষের আর আহতেরা এনামুল পক্ষের লোক। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে যোগাযোগ করেও উভয় পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার উপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, ‘উভয় পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। আজ (শুক্রবার) একটি বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে একজন মারা গেছে। নিহতের শরীরে ধারালো কিছু দিয়ে এলোপাতাড়ি কোপানো ও পেটানোর চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।