বিয়েতে রাজি করাতে তরুণকে শিকলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে বিয়েতে বাধ্য করতে এক তরুণকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। অভিযোগ আছে, এক সপ্তাহ ধরে ছেলেটিকে এভাবে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার পুলিশ মেয়েটির বাবা ও মামাকে আটক করেছে।
তরুণের পরিবার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর (১২) সঙ্গে ছয় মাস আগে বাশাইল গ্রামের সুমন মুন্সির (২০) পরিচয় হয়। এরপর উভয়ের মধ্যে মুঠোফোনে যোগাযোগ হতে থাকে।
গতকাল মেয়েটির বাড়িতে গিয়ে দেখা যায়, সুমনকে ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সুমন বলেন, ১৪ মে মেয়েটি ফোন দিয়ে তাঁকে তাদের বাড়িতে দেখা করতে বলে। সে অনুযায়ী তিনি সকালে তাদের বাড়িতে যান। সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের বাবা লোকজন নিয়ে তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁকে শিকল দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর মেয়ের বাবা তাঁকে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। এভাবে সাত দিন ধরে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে মেয়ের বাবা বলেন, সুমনের সঙ্গে অনেক আগেই তাঁর মেয়ের বিয়ে হয়েছে। জামাতার মাথায় সমস্যা হওয়ায় নিরাপত্তার কারণে এভাবে বেঁধে রাখা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সুমনের বাবা গৌরাঙ্গ লাল মুন্সির মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়েছে। সুমনকে উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।