বিয়েতে রাজি না হওয়ায় নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে মঙ্গলবার রাতে শিলা খাতুন (১৬) নামের এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বখাটেরা। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীলা ওই গ্রামের দিনমজুর আবদুল করিমের মেয়ে।
এ ঘটনায় শিলার মা রাবেয়া খাতুন বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শিলাদের আসল বাড়ি ইউনিয়নের বরখাপুর গ্রামে। সপ্তম শ্রেণির পর অভাবের কারণে মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায়। নিজ গ্রামেও মেয়েটি বখাটেদের উত্ত্যক্তের শিকার হতো। এ কারণে মেয়ের নিরাপত্তার কথা ভেবে দিনমজুর আবদুল করিম পাশের গ্রামের মুকুল মোল্লার (৪০) বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। এরপর থেকেই মুকুল মোল্লা মেয়েটির পিছু নেন। মুকুল মোল্লা বিবাহিত ও দুই সন্তানের জনক। এরপরেও শিলাকে বিয়ের জন্য প্রলোভন দেখাতে থাকেন। রাজি না হওয়ায় বিভিন্নভাবে তিনি মেয়েটিকে উত্ত্যক্তও করতেন। ঘটনার রাতে তিনি মেয়েটির ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় মেয়েটি চিৎকার করলে মুকুল মোল্লা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্বজন ও প্রতিবেশীরা মেয়েটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গতকাল বুধবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, অস্ত্রোপচার (সার্জিক্যাল) বিভাগের মেঝেতে পাতা একটি বিছানায় শুয়ে আছে মেয়েটি। হাতে, পিঠে ব্যান্ডেজ। মা-বাবা অসহায়ের মতো পাশে বসে পাহারা দিচ্ছেন মেয়েকে।
হাসপাতাল থেকে শিলার বাবা আবদুল করিম বলেন, তিনি দরিদ্র মানুষ। তাই নিজের মেয়ের সম্মান রক্ষা করতে পারছেন না। ইচ্ছা থাকা সত্ত্বেও বখাটেদের অত্যাচারে মেয়েকে পড়াতে পারেননি। ফলে নিজের গ্রাম ছেড়ে পাশের গ্রামে আশ্রয় নিয়েছিলেন। এরপরেও মেয়েটির শেষরক্ষা হলো না।
কান্নাজড়িত কণ্ঠে শিলা প্রথম আলোকে বলে, ‘লোকটা মাঝেমধ্যেই আমাকে খারাপ কথা বলত। আমি চুপ করে বহু সহ্য করছি। শেষ পর্যন্ত গায় হাত দিল। আমি এর বিচার চাই।’
হাসপাতালের পরিচালক চিকিৎসক মঞ্জুরা রহমান বলেন, ‘মেয়েটির শরীরে ধারালো অস্ত্রের চার-পাঁচটি আঘাত রয়েছে। আঘাতগুলোতে সেলাই দেওয়া হয়েছে। আমরা মেয়েটির ওষুধসহ অন্য সব বিষয়ে সহযোগিতা দিচ্ছি।’
এ প্রসঙ্গে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন বলেন, ‘ঘটনায় গতকাল বুধবার দুপুরে শিলার মা রাবেয়া খাতুন বাদী হয়ে মুকুল মোল্লার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিরা পলাতক। আশা করছি, শিগগিরই মুকুলসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’