বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহে রাজি না হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত সোমবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক স্কুলছাত্রী, তার মা ও বোনকে পিটিয়ে আহত করেছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইক্কা গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিতে যাওয়ার পথে তাকে অপহরণের চেষ্টা করে সন্ত্রাসীরা। পুলিশ এ সময় একজনকে আটক করেছে। আহত ব্যক্তিরা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় লোকজন, ছাত্রীটির পরিবার ও পুলিশ জানায়, বারপাইক্কা গ্রামের ওই ছাত্রীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিলেন একই উপজেলার সাহেবেরহাট মোল্লাপাড়া গ্রামের অমল সরকার (২২)। এ ব্যাপারে ছাত্রীটির পরিবার অমলের অভিভাবকদের কাছে অভিযোগ দিলে তারা অমলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তার সঙ্গে ছাত্রীটির বিয়ের প্রস্তাব দেয়।
মেয়েটির মা অভিযোগ করেন, তাঁরা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় অমলের বোনের স্বামী রণজিৎ মণ্ডল তার (স্কুলছাত্রী) দুই চাচাকে হাত করে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন এবং ২৭ এপ্রিল বিয়ের দিন ধার্য করেন। তিনি বলেন, ‘আমরা বিয়েতে রাজি না হওয়ায় আমাদের ওপর হামলা ও বিভিন্ন রকম মামলার হুমকি দেয়। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে রণজিৎ মণ্ডল স্কুলছাত্রীর দুই চাচাসহ পাঁচ-ছয়জনকে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান।’ এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁকে পিটিয়ে জখম করে এবং তাঁর দুই মেয়ের মাথা ফাটিয়ে দেয়।
স্থানীয় লোকজন রাতেই আহত ব্যক্তিদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত স্কুলছাত্রী অভিযোগ করে, মঙ্গলবার (গতকাল) সকালে সে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে অবহিত করতে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে অমল সরকার পাঁচ-ছয়জন সন্ত্রাসী নিয়ে তাকে অপহরণের চেষ্টা চালান। এ সময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে যায়। তারা পুলিশকে খবর দেয়। তখন সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে অমল সরকারকে আটক করে।
অভিযোগ সম্পর্কে জানতে স্কুলছাত্রীর দুই চাচার মুঠোফোনে কল করলে মুঠোফোন দুটি বন্ধ পাওয়া গেছে। আর অভিযোগ অস্বীকার করে অমল সরকার বলেন, ‘হামলা করা হয়নি, বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলা হয়েছে।’
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল মামুন বখতিয়ার বলেন, ওই ছাত্রী ও তার বোনের মাথায় সেলাই দিতে হয়েছে। আর তাদের মায়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ছাত্রীটি হাসপাতাল থেকে অনুমতি নিয়ে অভিযোগ দিতে ইউএনওর কার্যালয়ে গিয়েছিল।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, অভিযুক্ত অমল সরকারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।