বিয়েতে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদ্রাসাছাত্রী রোজিনা আক্তার (১৪) হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত দুই আসামি। জবানবন্দিতে তাঁরা জানিয়েছেন, বিয়েতে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে হত্যা করা হয়েছে।

গতকাল সোমবার লক্ষ্মীপুরের অতিরিক্ত সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. দাউদ হাসানের আদালতে ১৬৪ ধারায় তাঁরা এ জবানবন্দি দেন।

ওই দুই আসামি হলেন রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া এলাকার বয়াতিবাড়ির আবুল কালামের ছেলে মো. হুমায়ুন ও আবদুল মতিনের মেয়ে আঁখি আক্তার। আদালতকে তাঁরা বলেন, বিয়েতে রাজি না হওয়ায় ওড়না পেঁচিয়ে শ্বাস রোধ করে রোজিনাকে হত্যা করেন তাঁরা।

নিহত রোজিনা পৌরসভার দেনায়েতপুর এলাকার বয়াতিবাড়ির মৃত সফিক মিয়ার মেয়ে। সে হযরত খাদিজাতুল কোবরা নূরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রী ছিলেন। নয় মাস বয়সে রোজিনাকে দক্ষিণ চরমোহনা গ্রামের আতরউদ্দিন কাজিবাড়ির মৃত রুহুল আমিন ও আয়েশা বেগমের (প্রকৃত বাবা ও মা) কাছ থেকে দত্তক আনেন পৌরসভার বয়াতিবাড়ির সফিক মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর সকালে মাদ্রাসায় আরবি পরীক্ষা শেষে নিখোঁজ হয় রোজিনা। পরে পরিবারের সদস্যরা অনেক সন্ধান করেও তাকে পাননি। পরের দিন রায়পুর-মীরগঞ্জ সড়কের সাবেক পৌরসভার কার্যালয়ের ভবনের পেছনের পরিত্যক্ত সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১২ ডিসেম্বর ছাত্রীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। পুলিশ পরদিন অভিযান চালিয়ে হুমায়ুন ও আঁখিকে গ্রেপ্তার করে।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে রায়পুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, রোজিনার বান্ধবী ছিল আঁখি আক্তার। পাঁচ হাজার টাকার বিনিময়ে ঘটনার দিন রোজিনাকে মাদ্রাসা থেকে ডেকে আলমগীরের কাছে নিয়ে যান আঁখি। সেখানে আলমগীর রোজিনাকে বিয়ে করার জন্য চাপ দেন। রাজি না হলে তাকে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে আলমগীর, হুমায়ুনসহ তাঁরা চারজন মিলে রোজিনাকে হত্যার পর পালিয়ে যান।