বিয়েবাড়িতে যুবলীগ নেতার হামলা!
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যুবলীগের নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে পুলিশের সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন। অতিথিদের পাঁচটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকার রিপন মিয়ার এক মেয়ের সঙ্গে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার আলী মিয়ার এক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। বেলা তিনটার দিকে বিশনন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরজু হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে বিয়েবাড়িতে হামলা চালান। ওই সময় কনে ও বরপক্ষের লোকজন বাধা দিতে গেলে সংঘর্ষ হয়। ঘটনার সময় হামলাকারীরা ২০-২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে হামলাকারীরা বরপক্ষের অতিথি গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। মেয়রের গাড়িসহ বরযাত্রীদের পাঁচটি গাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন হামলাকারীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বলেন, আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সফিউল আজমসহ পুলিশের চার সদস্য হামলাকারীদের ইটের আঘাতে আহত হন। সংঘর্ষের সময় ককটেলের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে আহত আরজু, রুহুল আমিন, সফিকুল, আক্তার, খাইরুল ও ডালিম সিকদারকে মাধবদী ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও ১০-১২ জন বরযাত্রী আহত হয়ে স্থানীয় ক্লিনিকে ভর্তি হন।
গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার বলেন, বিয়েবাড়িতে বরযাত্রীদের সঙ্গে দাওয়াতে গেলে বিশনন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরজু লোকজন নিয়ে হামলা চালান। এ সময় তাঁর গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
আরজু হোসেন বলেন, সম্প্রতি তাঁর ভাই করিম হোসেনের ছেলের সঙ্গে রিপন মিয়ার মেয়ের বিয়ের কথা হয়। একপর্যায়ে বিয়ের কথা পাকাপাকি হয়। কিন্তু কনেপক্ষ তাদের না জানিয়ে অন্যজনের সঙ্গে বিয়ের আয়োজন করে। এ নিয়ে তাদের জিজ্ঞাসা করতে গেলে সংঘর্ষ বেধে যায়। রিপন মিয়া বলেন, আরজু হোসেনের ভাইয়ের ছেলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ের কথা পাকাপাকি হয়নি। এ অভিযোগ মিথ্যা।
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও আওয়ামী লীগের নেতা জাকির হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।