বিয়েবাড়িতে হামলা, নারীসহ আহত ১৫
পূর্ববিরোধের জেরে বাগেরহাটের চিতলমারীতে একটি বিয়েবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে বিয়ের অনুষ্ঠানে আসা নারীসহ অন্তত ১৫ জন জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলীর বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলী (৬০), মছিরন নেছা (৪০), রফিক শেখ (৩৫), এহিয়া শেখ (৩৫), বিলকিস বেগম (২৮), জাহিদ শেখ (২০), আশরাফ শেখ (৫০), পারুল বেগম (৫২) ও ইদ্রিস আলী (৫৫)। তাঁরা সবাই শেখ ইদ্রিস আলীর আত্মীয়। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেখ ইদ্রিস আলী বলেন, ‘পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলায় আমার মেয়ে সুরছিন খাতুনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার দুপুরে আমার বাড়িতে ছেলেপক্ষের আসার কথা ছিল। কিন্তু এর আগেই দুপুর ১২টার দিকে কলাতলা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমার প্রতিবেশী সোহাগ শেখের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল আমার বাড়িতে হামলা চালায়। সোহাগ শেখের সঙ্গে আমাদের পরিবারের পূর্ববিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তাঁরা আমার বাড়িতে হামলা করেন। এ সময় আমি ও আমার বাড়ির লোকজন তাঁদের ঠেকাতে গেলে তাঁরা আমাদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে তাঁরা বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল ও ঘরবাড়ি ভাঙচুর করেন এবং অতিথিদের জন্য রান্না করা খাবার ফেলে দিয়ে চলে যান।’
সোহাগ শেখ তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভ্যানযোগে আমার বাবা সাবেক মেম্বর মো. শাহজাহান শেখ (৬৯) ওই এলাকা দিয়ে যাওয়ার সময় শেখ ইদ্রিস আলীর পরিবারের লোকজন তাঁর ওপর হামলা চালান। খবর পেয়ে আমাদের পাড়ার লোকজন উত্তেজিত হয়ে ওই বাড়িতে যান। তাঁরা জানতেন না ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। পরে আমি গিয়ে সবাইকে শান্ত করে নিয়ে আসি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শেখ ইদ্রিস আলীর সঙ্গে স্থানীয় ইউপির সদস্য সোহাগের পরিবারের পূর্ববিরোধ রয়েছে। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে।