বিয়ের এক দিন পর শ্বশুরবাড়িতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের এক দিন পর শ্বশুরবাড়িতে বেড়াতে এসে খুন হয়েছেন এক জামাতা। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুহেল আহমদ (৩০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে। তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পুলিশ পাথারিয়া গ্রামের আসকর আলীর ছেলে শাহীন মিয়াকে (৩১) আটক করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার পাথারিয়া ইউনিয়নের শামসুল আলমের মেয়ে জহুরা বেগমের (২১) সঙ্গে সুহেল আহমদের বিয়ে হয়। সুহেল পরদিন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রোববার সন্ধ্যায় সুহেল স্ত্রীকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শাহীন মিয়া দা দিয়ে সুহেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে সুহেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তিনি মারা যান।

কনের বাবা শামসুল আলম জানান, তাঁরা মেয়ে ও মেয়ের স্বামীকে বিদায় দেওয়ার সময় শাহীন হঠাৎ করেই সুহেলকে দা দিয়ে আঘাত করে পালিয়ে যান। কী কারণে শাহীন এটা করেছেন তাঁরা বুঝতে পারছেন না।

 সুহেল আহমদের বড় বোনের স্বামী আবু আলী অভিযোগ করেন, কনের মা-বাবাকে সালাম করার পর তাঁর দাদিকে সালাম করার সময় মাথা নোয়াতেই শাহীন সুহেলকে দা দিয়ে কোপাতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন আমরা জানতে পেরেছি, শাহীন মিয়া জহুরা বেগমের ফুফাতো ভাই। তাঁর সঙ্গে জহুরার প্রেমের সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে জহুরাকে বিয়ে না দেওয়ার কারণেই তিনি ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন।’

পাথারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রশিদ জানান, এ ঘটনায় এলাকার মানুষ বিস্মিত।

এ বিষয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। শাহীন মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি।