বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন করে যুবক: সিআইডি
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে আঁখি আক্তার ওরফে নাজনীন হত্যায় জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহ শেখ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলেছে, আবদুল্লাহ শেখের সঙ্গে আঁখির প্রেম ছিল। বিয়ের জন্য চাপ দেওয়ায় আঁখিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, বুধবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় অভিযান চালিয়ে আবদুল্লাহ শেখকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে মুক্তা ধর বলেন, আঁখি আক্তার আশুলিয়ার নরসিংহপুরে একটি পোশাক কারখানার চাকরি করতেন। একই কারখানার আবদুল্লাহ শেখের সঙ্গে প্রেম হয় তাঁর। আঁখি ছিলেন বিবাহিতা। ছয় বছরের একটি সন্তানও ছিল তাঁর। আবদুল্লাহ শেখের পরামর্শে স্বামী আলমগীরকে তালাক দেন আঁখি। এরপর বিয়ের জন্য আবদুল্লাহকে চাপ দেন। কিন্তু আবদুল্লাহ বিয়ে না করে নানা টালবাহানা করতে থাকেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, গত ২১ ফেব্রুয়ারি বিকেলে আঁখি আক্তার বিয়ে করার কথা বললে আবদুল্লাহ শেখ তাঁর হাত–পা বেঁধে ফেলে। পরে গলায় ওড়না পেঁচিয়ে আঁখিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রাত গভীর হলে আবদুল্লাহ শেখ সহযোগীর সহায়তায় আশুলিয়ার রাঙামাটি এলাকায় সড়কের পাশে আঁখির মরদেহ কাঁথা মুড়িয়ে ফেলে পালিয়ে যান।
এই হত্যাকাণ্ডের সূত্র ছিল না। মুক্তা ধর বলেন, ওই ঘটনায় আশুলিয়া থানায় মামলা হওয়ার পর থানা-পুলিশের পাশাপাশি সিআইডি ছায়া তদন্ত করে। সিআইডির তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসে।