বিয়ের দুই মাসের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা গ্রাম থেকে গতকাল রোববার দুপুরে মিতা খাতুন (২০) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, মিতা আত্মহত্যা করেছেন। তবে বাবার বাড়ির লোকজন বলছে, মিতাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন।
মিতা শালমারা গ্রামের মোস্তাক ফকিরের স্ত্রী এবং বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের শামসুল শেখের মেয়ে।
বালিয়াকান্দি থানা-পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মোস্তাক ফকিরের সঙ্গে মিতার বিয়ে হয়। মোস্তাকের সঙ্গে তাঁর বড় ভাবির অনৈতিক সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন মিতা। এ নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। গতকাল সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিতার লাশ পাওয়া যায়। পরিবারের লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে।
এ সময় মিতার বাবা শামসুল শেখ পুলিশের কাছে অভিযোগ করেন, দাম্পত্য কলহের জের ধরে মিতাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে তারা।
বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা বোঝা যাবে। আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।