বিয়ের দুই মাসের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগ
বিয়ের দুই মাসের মাথায় ইয়াসমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর কদমতলী থানার দনিয়ার এক বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইয়াসমিনের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বামী তুহিন মোল্লা পলাতক।
এদিকে গত বৃহস্পতিবার রাতে ডেমরা থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন পোশাকশ্রমিক খতিব মিয়া (২০)। পুলিশের ধারণা, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন।
দনিয়ার পাটেরবাগে ইয়াসমিনদের বাসা। গত ১২ সেপ্টেম্বর একই এলাকার তুহিন মোল্লার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর ইয়াসমিন স্বামীর সঙ্গে পাটেরবাগের একটি বাড়ির তিনতলায় থাকতেন।
লাশ উদ্ধারকারী কদমতলী থানার এসআই ওমর ফারুক জানান, বৃহস্পতিবার রাতে স্বামীকে নিয়ে বাবার বাসায় খেয়েছেন ইয়াসমিন। তখন পারিবারিক কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত ১১টার দিকে ইয়াসমিন স্বামীর বাসায় চলে যান। গতকাল ভোরে তুহিন ইয়াসমিনের বাবার পরিচিত বাদশা নামের একজনকে ফোন করে জানতে চান, তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না। তুহিনের কথায় সন্দেহ হওয়ায় বাদশা বিষয়টি ইয়াসমিনের বাবা দুরুল ইসলামকে জানান। দুরুল মেয়ের বাসায় গিয়ে তা বাইরে থেকে তালাবদ্ধ দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই বাসার তালা ভেঙে দেখে, বিছানায় গলায় গামছা পেঁচানো অবস্থায় ইয়াসমিন পড়ে আছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওই থানার এসআই রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তুহিন স্ত্রীকে হত্যা করে পালিয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।
পোশাকশ্রমিক খুন: ডেমরা থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সানারপাড়ের একটি বাড়ির লোহার ফটকের সামনে রক্তাক্ত অবস্থায় পোশাকশ্রমিক খতিবকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন আছে।
খতিব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সানারপাড়েই তাঁর বাসা। এ ঘটনায় খতিবের মা খোদেজা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডেমরা থানায় হত্যা মামলা করেছেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা জড়িত ব্যক্তিদের ধরতে পারলেই জানা যাবে।