বিয়ের দেড় মাসের মাথায় গৃহবধূ খুন!
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গত বুধবার মামলা হয়েছে। তাঁরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
নিহত গৃহবধূর নাম লিমা আক্তার (১৯)। তিনি পাশের গৌরনদী উপজেলার বানিয়াশুরী গ্রামের মো. মুজাম সরদারের মেয়ে। গত সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান লিমা।
স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, লিমা আক্তারের সঙ্গে দেড় মাস আগে বিয়ে হয় আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের হাতেম হাওলাদারের ছেলে জসিম হাওলাদারের (২৫)। বিয়ের সময় জসিমকে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল দেন লিমার বাবা মুজাম। তবে বিয়ের ১৫-২০ দিন না যেতেই আরও ১ লাখ টাকা আনতে লিমাকে চাপ দেওয়া হয়। বলা হয়, ওই টাকা দিয়ে পানের বরজ করবেন জসিম। টাকা আনতে অস্বীকৃতি জানালে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে লিমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন জসিম।
গৌরনদীর বানিয়াশুরী গ্রামের মাতবর এসকেন্দার সরদার ও সেলিম সরদার বলেন, পরে তাঁরা সালিসের মাধ্যমে মধ্যস্থতা করে লিমাকে শ্বশুরবাড়িতে পাঠান। কিন্তু টাকার জন্য গত ৩০ সেপ্টেম্বর পুনরায় লিমাকে বেদম মারধর করেন জসিম। তিনি এক সপ্তাহের মধ্যে ১ লাখ টাকা না আনলে লিমাকে হত্যার হুমকি দেন। লিমা বিষয়টি মুঠোফোনে তাঁর বাবা মুজাম সরদারকে বলেছিলেন।
মুজাম সরদার বলেন, ‘মুই গরিব মানুষ, এত টাহা কই পামু। টাহা না দেওয়ায় অরা মোর মায়রে নানা উসিলা দিয়ে হগোল সময় মারতো। শেষমেশ মোর মায়রে মাইররাই হালাইলো।’
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং জসিম সরদারের দূরসম্পর্কের আত্মীয় ও প্রতিবেশী কয়েকজন বলেন, ঘটনার দিন গত সোমবার জসিম ও লিমার মধ্যে নতুন করে ঝগড়াঝাঁটি হয়। শারীরিকভাবে নির্যাতনের একপর্যায়ে জসিম লাঠি দিয়ে লিমার মাথায় আঘাত করেন।এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।তখন তাঁর মুখে কীটনাশক ঢেলে দেন স্বামী জসিম ও শ্বশুর হাতেম হাওলাদার। এর মাধ্যমে তাঁরা লিমা আত্মহত্যা করেছেন বলে প্রচারের চেষ্টা করেন। লিমাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জ্ঞান না ফেরায় সন্ধ্যায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে মারা যান তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জসিম হাওলাদারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে তাঁর চাচা মো. ইউনুস সরদার বলেন, ঘটনার পর থেকে জসিম ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়েছেন।