বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে ইফতেখারুল ইসলাম ওরফে সানি (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

১০ আগস্ট ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম-১-এ ইফতেখারুলের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাঁর (ইফতেখারুল) বাবা হাবিবুল ইসলামকেও আসামি করা হয়। আসামিদের বাড়ি বোয়ালখালীর পূর্ব শ্রীপুর এলাকায়। বাদীর বাড়িও একই উপজেলায়।

আদালত বোয়ালখালী থানার পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ অভিযোগের সত্যতা পেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, ‘ওই তরুণীর সঙ্গে যুবকটির প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ে করার আশ্বাস দিয়ে ওই যুবক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ওই মেয়ের পরিবারের কাছ থেকে টাকাপয়সাও নিয়েছে ইফতেখারুল। আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। এখন ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’ তিনি জানান, ইফতেখারুল পালিয়ে গেছেন। তাঁর পরিবার বলছে, তিনি বিদেশে চলে গেছেন।

অভিযোগ করা হয়, বছর খানেক আগে ইফতেখারুলের সঙ্গে তরুণীর পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ইফতেখারুল। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

ওই তরুণী বলেন, ‘অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইফতেখারুল আমাকে বাচ্চা নষ্ট করতে চাপ দিতে থাকে। আমাকে মারধরও করে। একপর্যায়ে সে আমাকে বিয়ে করতে অস্বীকার করে।’ ওই তরুণীর অভিযোগ, ‘বিয়ে করবে বলে আমাদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে সে।’

এ ব্যাপারে ইফতেখারুলের বক্তব্য পাওয়া যায়নি।