বিয়ের প্রলোভনে ধর্ষণ, নির্যাতন করে গর্ভপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারী গত বৃহস্পতিবার গর্ভের সন্তানের স্বীকৃতি দাবি করায় নির্যাতনের শিকার হয়েছেন। এতে তাঁর গর্ভপাত হয়।

৩৬ বছর বয়সী ওই নারীর বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের একটি গ্রামে। বর্তমানে তিনি নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

চিকিৎসাধীন অবস্থায় ওই নারী গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, সাত বছর আগে তাঁর স্বামী মারা যান। এরপরও তিনি শাশুড়ির সঙ্গে থাকেন। দুই বছর আগে হবিবর রহমান (৩৭) নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য হবিবরকে চাপ দেওয়া শুরু করেন। কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে তিনি দেড় মাস আগে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।

ওই নারীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে বিয়ের দাবি নিয়ে হবিবরের বাড়িতে গেলে হবিবর ও তাঁর স্ত্রী মর্ছিয়া বেগমসহ চারজন মেয়েটির ওপর নির্যাতন শুরু করেন। পেটসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষির পাশাপাশি মাটিতে ফেলে তাঁকে নির্যাতন করা হয়। এতে ঘটনাস্থলেই গর্ভপাত হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন।

মাহমুদপুর ইউপির চেয়ারম্যান রহিম বাদশা বলেন, অচেতন অবস্থায় ওই নারীকে গ্রামের রাস্তায় ফেলে রাখা হয়। এলাকার কয়েকজন তাঁকে নিজ বাড়িতে রেখে আসেন। পরে রাতেই তিনি আরেকটি মৃত সন্তান প্রসব করেন।

নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ওই নারী নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এতে আসামিদের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতন করে গর্ভপাত ঘটানোর অভিযোগ করেছেন।