বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিয়ের প্রলোভনে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চাইতে গেলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজন ওই নারীকে হুমকি দেন। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

ওই নারী বলেন, থমাস টুডু নামের এক আত্মীয়ের মাধ্যমে নবাবগঞ্জ উপজেলার চালানিপাড়া গ্রামের আলিয়াম হেমব্রমের (২৮) সঙ্গে বছর দেড়েক আগে তাঁর পরিচয় হয়। এরপর আলিয়াম বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২ ফেব্রুয়ারি আলিয়াম ধর্ষণ করলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর থেকে বিয়ের জন্য চাপ দিলে আলিয়াম টালবাহানা শুরু করেন। আলিয়াম তাঁকে পেটের সন্তান নষ্ট করতে চাপ দেন। একপর্যায়ে আলিয়াম তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জামাত আলীকে জানালে তিনি সালিস করে সাত হাজার টাকা দিয়ে সন্তান নষ্ট করতে বলেন। এতে রাজি না হওয়ায় থমাস টুডু ও জামাত আলী তাঁকে হুমকি দিতে থাকেন। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর তিনি ওই তিনজনকে আসামি করে মামলা করেন। কিন্তু এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তিনি অনাগত সন্তানের স্বীকৃতির পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার এসআই রাজু আহমেদ গতকাল সোমবার বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।