বিয়ের প্রস্তাব নাকচ, শিক্ষার্থী অপহরণের চেষ্টা
বিয়ের প্রস্তাব নাকচ করায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের একজন শিক্ষার্থীকে দুর্বৃত্তরা অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। অপহরণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা ওই শিক্ষার্থীর এক ভাই ও এক বোনসহ তিনজনকে মারধরও করেছে। গতকাল শনিবার রাত একটার দিকে এ ঘটনাটি ঘটে। আজ রোববার সন্ধ্যায় এই ঘটনায় ওই শিক্ষার্থীদের মা টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত তিন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, ওই তিন শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা মৃত মো. ইসহাকের ছেলে মোহাম্মদ হাসানের নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি দল লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে রাতের আঁধারে বাড়িতে ঢুকে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীকে টানাটানি করা হলে বাড়িতে থাকা অন্য ভাই ও বোন চিৎকার করলে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই তিন শিক্ষার্থীর মা বলেন, ইয়াবা ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের ধরে তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছিল। এ ব্যাপারে তিনি থানায় একটি অভিযোগ করেছেন।
এ প্রসঙ্গে অভিযুক্ত মোহাম্মদ হাসানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
আহত ওই তিন শিক্ষার্থীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রায় পাঁচ বছর আগে ওই তিন শিক্ষার্থীর বাবা মারা যান। এরপর থেকে তাদের মা দৈনিক মজুরিতে কাজ করে তিন ছেলে-মেয়েদের লেখাপড়া খরচ জোগান দিচ্ছেন। তিনজনই মেধাবী। দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছিল। বিদ্যালয়ের আসা যাওয়ার সময় ওই যুবক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করত। শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযানে গেলে কাউকে পাওয়া যায়নি। এরপরও অভিযান অব্যাহত রয়েছে।