বিয়ের প্রস্তাবে না বলায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে জখম করেছেন এক বখাটে তরুণ। গতকাল শনিবার বিকেল চারটার দিকে জেলা শহরের কালীবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই তরুণ পলাতক রয়েছেন।
আহত ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের পীরবাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে তানভির রহমান কয়েক মাস ধরে কলেজে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে (২০) উত্ত্যক্ত করছেন। গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে ফোন করে তাঁকে বিয়ের প্রস্তাব দেন তানভির। গতকাল বেলা তিনটার দিকে মেয়েটি কালীবাড়ির মোড়ে কর্মস্থলে যান। পড়াশোনার পাশাপাশি ওই ছাত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তানভিরের বিষয়ে তাঁর মা–বাবার কাছে ওই ছাত্রী নালিশ দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিকেল চারটার দিকে কালীবাড়ি মোড়ে যান। এ সময় তিনি ওই ছাত্রীর কর্মস্থলে গিয়ে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা ওই ছাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাখাওয়াত হোসেন বলেন, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তাঁর হাত ও মুখে উপর্যুপরি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই ছাত্রী বলেন, ‘বিয়ের প্রস্তাবের বিষয়ে বাবা-মায়ের কাছে বিচার দেওয়ায় তানভির খেপে যায়। গতকাল বিকেলে তানভির আমার কর্মস্থলে ঢুকে কেন বিচার দিলাম এ কথা বলেই আমাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই বেলাল হোসেন জানান, মেয়েটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মেয়েটিকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারে ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে ঘটনার পর থেকে তানভির পলাতক।