বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী লাঞ্ছিত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় গতকাল বোরবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) লাঞ্ছিত করেছে এক বখাটে।
এ ঘটনায় ওই ছাত্রীর বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওই অভিযোগ দেন।
লিখিত অভিযোগ এবং ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ওই বখাটে দীর্ঘদিন ধরে ছাত্রীটিকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। প্রস্তাবে সে রাজি ছিল না। দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষে গতকাল সহপাঠীদের সঙ্গে সে বাড়ি ফিরছিল। পথে তাকে আবারও বিয়ের প্রস্তাব দেয় ওই বখাটে। তাতে সাড়া না পেয়ে ছাত্রীটিকে সে চুল ধরে টেনেহেঁচড়ে মারধর করে। এ সময় ছাত্রীটি সড়কের ওপর পড়ে গেলে ওই বখাটে পালিয়ে যায়। পরে সহপাঠীদের সহায়তায় সে বাড়ি ফেরে।
ছাত্রীর বাবা বলেন, ওই বখাটের উত্ত্যক্ত করার বিষয়টি তার (বখাটে) বাবাকে অনেক আগেই জানানো হয়েছিল। তার বাবা প্রতিকার না করায় গতকাল তাঁর মেয়ে উত্ত্যক্ততার শিকার হয়। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানানো হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। লিখিত অভিযোগকারী সহকারী প্রধান শিক্ষক বলেন, ছাত্রীটি যাতে নিয়মিত বিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন আয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই সুবিধা বহাল থাকবে। এর মধ্যে ওই বখাটে গ্রেপ্তার না হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ওই বখাটে আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার বাবা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। ছেলে অপরাধ করলে সে শাস্তি পাবে।
ইউএনও মোহাম্মদ মনির হোসেন বলেন, গুরুদাসপুর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।