বীজতলা লন্ডভন্ড করেছে সন্ত্রাসীরা
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠী গ্রামে গতকাল সোমবার সকালে মো. হিরণ তালুকদার নামে এক কৃষকের ৪৮ শতাংশ জমিতে তৈরি আমনের বীজতলা ট্রাক্টর দিয়ে লন্ডভন্ড করে দিয়েছে সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল হিরণ তালুকদারের পৈতৃক জমিতে তৈরি করা বীজতলা ট্রাক্টর দিয়ে মাটির সঙ্গে পিষে দেয়। এতে বাধা দেওয়ায় তালুকদার পরিবারের শাহেলা (৪০), মাহিনুর (৪৫) ও শীলা (২৭) নামে তিন নারীকে লাঞ্ছিত করে সন্ত্রাসীরা।
নাজিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ মৃধার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে বলে হিরণ তালুকদার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
তবে আলতাফ মৃধা ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা ম মাসুদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’