বীভৎস সেই ঘটনার বর্ণনা দিলেন পাহাড়িরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার চারটি পাহাড়ি গ্রামে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন গঠিত তথ্যানুসন্ধান কমিটি কাজ শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পাহাড়িদের বাড়িঘর পরিদর্শন করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা সেদিনের বীভৎস ঘটনার বর্ণনা দেন কমিটির কাছে।
তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমা। অন্য দুই সদস্য হলেন জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক মো. সাজ্জাদুর রহমান ও কমিশনের রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. গাজী সালাউদ্দিন। গতকাল সকাল নয়টায় তাঁরা লংগদুর তিনটিলা বনবিহারে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এ সময় আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুর্দশার কথা তুলে ধরেন কমিটির কাছে। আতঙ্কের কারণে অনেক পাহাড়ি পরিবার এখনো ঘরে ফিরতে পারছে না বলে কমিটিকে জানান তিনি।
এরপর তথ্যানুসন্ধান কমিটি পুড়ে যাওয়া পাহাড়ি গ্রাম তিনটিলাতে যায়। সেখান থেকে বাত্যাপাড়া গ্রামে নিহত যুবলীগের নেতা নুরুল ইসলামের বাড়িতে যান তাঁরা। নুরুল ইসলামের স্ত্রী জাহেরা বেগমের সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা। পরে মানিকজোড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পহাড়িদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ ছাড়া লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম ও লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।
এ বিষয়ে কমিটির সদস্য মো. গাজী সালাউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বক্তব্য তাঁরা লিপিবদ্ধ করেছেন। বিভিন্ন মাধ্যম থেকেও সেদিনের ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তাঁরা। যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হবে।
ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির লংগদু উপজেলা সদরের চারটি গ্রামে পাহাড়িদের দুই শতাধিক বাড়ি চলতি মাসের ২ জুন সকালে পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বাত্যাপাড়া ও বড়াদম। ঘটনার সময় এসব গ্রামের পাহাড়ি পরিবারগুলো পালিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরের ভূইয়াছড়া, রাঙাপানিছড়া, মধ্যমপাড়া হারিহাবা এলাকার বনে, পরিত্যক্ত ঘরে ও গাছতলায় আশ্রয় নেয়।
এদিকে আগুনে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার সাত দিন পরও বেশির ভাগ পরিবার নিজ বসতভিটায় ফিরে যায়নি। বিভিন্ন পাহাড়ি এলাকায় আশ্রয় নেওয়া পরিবারগুলো মানবেতর জীবন যাপন কাটাচ্ছে। কিছু পরিবার মানিকজোড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডানে লংগদু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বলে জানান আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা। তিনি বলেন, বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পাহাড়িরা নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানাচ্ছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি না হওয়া পর্যন্ত এসব পরিবার সরকারি সাহায্য নিচ্ছে না বলেও জানান তিনি।