বীরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, কালীমূর্তি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামাপূজাকে কেন্দ্র করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাপাপাড়া গ্রামের ঢেমঢেমী কালীর মন্দিরে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত ও কালীমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশের বিরুদ্ধে একটি পক্ষের কাছ থেকে টাকা নিয়ে অপর পক্ষের লোকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঢেমঢেমী কালীর মন্দিরের জোগাড়ি চৈতুরাম সরকার জানান, মন্দিরের সেবায়েত নিয়ে ওই গ্রামের ধনেশ্বর সরকার ও তাঁর চাচা জগদীশ সরকারের বিরোধ রয়েছে। আদালতের রায় আছে ধনেশ্বরের পক্ষে। প্রতিবছরের মতো এবারও ধনেশ্বর ও তাঁর পরিবারের সদস্যরা পূজার আয়োজন করেন। কিন্তু বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ নিয়ে মন্দিরে আসেন। এ সময় তাঁরা মন্দিরে পূজা দিতে আসা ভক্তদের দেওয়া দানবাক্স জগদীশকে দিতে বলেন। ধনেশ্বরের লোকজন তা দিতে অস্বীকার করলে পুলিশ ও জগদীশের লোকজন ধনেশ্বরের পরিবারের সদস্যদের মারধর করেন। এতে ধনেশ্বর, তাঁর ছোট ভাই পরমেশ্বর ও তাঁর স্ত্রী করুণা রানী, ছোট ভাই সুকুমার সরকার, তাঁর স্ত্রী বীণা রানীসহ কমপক্ষে ১০ জন আহত হন।
গুরুতর আহত বীণা রানী, করুণা রানী, সুজন কুমার ও বিশ্বনাথ সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কালীমূর্তির দুই হাত, পা, শিবের মাথার সাপসহ বিভিন্ন অংশ ভেঙে যায়। একপর্যায়ে ধনেশ্বর ও তাঁর লোকজন পূজা বন্ধ করে দিলে ইউএনও রাসেল মনজুর ও ওসি শওকত হোসেন তাঁদেরকে পূজা করতে বাধ্য করান।
ধনেশ্বর জানান, দলিল অনুযায়ী বংশপরম্পরায় মন্দিরের সেবায়েত নিযুক্ত হবেন পরিবারের বড় ছেলের ছেলে (জ্যেষ্ঠ পুত্র)। সেই হিসেবে তিনি সেবায়েত হিসেবে কাজ করছেন। কিন্তু চাচা জগদীশ নিজেকে মন্দিরের সেবায়েত দাবি করছেন। আদালতে মামলা করে তিনি হেরেও গেছেন।
জগদীশ চন্দ্র সরকার জানান, তাঁদের পক্ষেও উচ্চতর আদালতের রায় আছে। তবে তাঁরা ওই রায়ের কাগজ দেখাতে অস্বীকার করেন।
টাকা নিয়ে এক পক্ষের পক্ষে কাজ করার অভিযোগ অস্বীকার করে ওসি শওকত হোসেন জানান, এলাকার সাংসদ, পুলিশ ও প্রশাসন চেয়েছে সবাই মিলে একসঙ্গে পূজা করুক। সেই লক্ষ্যেই পুলিশ দায়িত্ব পালন করেছে। পুলিশ কাউকেও মারধর করেনি। পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।