বীরগঞ্জে পুকুরপাড় থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা রাজশাহীপাড়া গ্রামের পুকুরপাড় থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন সজেমা বেগম (২৩) ও তাজেরীন খাতুন (৪)। সজেমা বেগমের ভাই এ ঘটনার জন্য ভগ্নিপতি ওবায়দুর রহমানকে দায়ী করে থানায় অভিযোগ করেছেন।
ওবায়দুর রহমান দাবি করেন, গত শনিবার ভোর চারটার দিকে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে প্রাকৃতিক কাজ সেরে আবার ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন। তখনো স্ত্রী ও মেয়েকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখেছেন। সকালে গ্রামবাসীর ডাকাডাকিতে ঘুম ভেঙে পুকুরপাড়ে স্ত্রী ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরেন্দ্রনাথ কোকিল বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
এদিকে নিহত সজেমার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, তাঁর বোনকে বিয়ে করার আগে ওবায়দুর আরও এক নারীকে বিয়ে করেছিলেন। কিন্তু নির্যাতনের কারণে ওই স্ত্রী চলে যান। সজেমার সঙ্গে বিয়ের পর থেকে তাঁকেও মারধর করতেন ওবায়দুর।
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, সজেমার ভাই গতকাল রোববার থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে ওবায়দুরকে অভিযুক্ত করা হয়। তবে আগেই পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
কৃষকের ঝুলন্ত লাশ:
আমাদের নাটোর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার সকালে জেলার সিংড়া উপজেলার করচমারিয়া গ্রামের পশ্চিমে পীরতলা দরগাসংলগ্ন একটি বটগাছে ফাঁস লাগানো অবস্থায় ইয়ামিন আলী (৩৩) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
সিংড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইয়ামিন উপজেলার ভুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার সকালে বেরিয়ে নিখোঁজ হন। গতকাল পাশের গ্রামের কৃষকেরা বটগাছে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে ইয়ামিনের স্বজনেরা লাশটি শনাক্ত করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।