বীরগঞ্জে প্রতিমা ভাঙচুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়ার একটি দুর্গামণ্ডপে গত মঙ্গলবার রাতের কোনো এক সময় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূজামণ্ডপ কমিটির সভাপতি ভূপতি পাল বলেন, প্রেম কাঙাল সর্বজনীন দুর্গামণ্ডপ নামে ওই মণ্ডপের চারদিকে বেদি তৈরির কাজ মঙ্গলবার শেষ হয়। প্যান্ডেল তৈরির কাজ চলছে। মঙ্গলবার রাত একটা পর্যন্ত কর্মীরা কাজ করে প্রতিমা ঢেকে দিয়ে বাড়িতে চলে যান। গতকাল সকাল আটটার দিকে গিয়ে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা দেখতে পান এক কর্মী।
গতকাল সরেজমিনে দেখা যায়, তিনটি প্রতিমার শাড়ির আঁচল, হাঁস ও ময়ূরের ডানার অংশ ভাঙা। তবে দুর্বৃত্তরা মূল প্রতিমার কোনো ক্ষতি করেনি বলে মন্দিরের পুরোহিত বিপুল চক্রবর্তী জানান।
ইউএনও মো. আলম হোসেন পূজা উদ্যাপনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।