বীরগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণের শিকার ধর্ষণকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সাত বছরের এক শিশু গত বুধবার ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ইউনিয়নের ডাবরা-ডিনেশ্বরী গ্রামের কানাই চন্দ্র রায় (৫৫) নামের এক বাসিন্দাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আশংকাজনক অবস্থায় শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডে গত বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের শিকার শিশুটির দিনমজুর বাবা বলেন, বুধবার বেলা দুইটার পর প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকে একা বাড়িতে রেখে তিনি খেতে কাজ করতে যান। আর শিশুটির মা যান ঘাস কাটতে। এ সময় কানাই শিশুটিকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার ও ধর্ষণকারীকে আটক করেন। পরে মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ আনোয়ার বলেন, শিশুটির অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ওসি (প্রশাসন) শওকত হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে কানাইকে গ্রেপ্তার করেন। রাতেই শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।