বুড়িগঙ্গা দখল করে অবৈধ রিকশার গ্যারেজ
পুরান ঢাকার ইসলামবাগে বুড়িগঙ্গা নদীর জায়গায় তৈরি গ্যারেজে নিষিদ্ধ ব্যাটারিচালিত প্রায় ৩০০ রিকশা রাখা হচ্ছে। বিদ্যুৎ লাইন থেকে অবৈধ বিকল্প (বাইপাস) সংযোগ নিয়ে এসব রিকশার ব্যাটারিতে চার্জ দেওয়া হয়। ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ। তা সত্ত্বেও এগুলো চলাচল করে লালবাগ, কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকায়।
গতকাল বুধবার লালবাগের ইসলামবাগে মদিনা পেট্রলপাম্পের কাছে বুড়িগঙ্গার জায়গা দখল করে গড়ে ওঠা গ্যারেজ ঘুরে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। শুকনা মৌসুমে পানি কমে যাওয়ায় নদীর অনেকটা অংশ দখল হয়ে গেছে এবং এখনো হচ্ছে।
গত ৫ আগস্ট ওই এলাকায় গিয়ে গ্যারেজের আয়তন জানা গিয়েছিল পাঁচ বিঘার মতো। ওই সময় প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর নদীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গ্যারেজ উচ্ছেদ করে। এর ১৫ দিন পর আবার গ্যারেজ গড়ে ওঠে। বিআইডব্লিউটিএ আবার নোটিশ দিলেও গ্যারেজ সরানো হয়নি। বরং পরে আরও অনেক জায়গাজুড়ে গ্যারেজ তৈরি করা হয়েছে। আগে এখানে ১২০০ রিকশা ও ৪০০ ভ্যান রাখা হতো। এখন রিকশা ও ভ্যানের সঙ্গে যোগ হয়েছে নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা। নদীপাড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তৈরি বন্যা প্রতিরোধ দেয়াল বা বাঁধের অংশ আরও ভেঙে ফেলা হয়েছে। দেয়ালের ভেতরে দখল করা পুরো জায়গা পাকা করা হয়েছে। এতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগে যেমন নদীতীরে বৈদ্যুতিক টাওয়ারে সাইনবোর্ডে লেখা ছিল—‘এই জমির মালিক মো. জুলহাস মোল্লা’। এখন সেই সাইনবোর্ড নেই। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়। গ্যারেজের তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে আবদুর রহমান নামের এক ব্যক্তি জানান, জুলহাস মোল্লাই গ্যারেজের জায়গার মালিক। ব্যক্তিগত কারণে সাইনবোর্ড খুলে নেওয়া হয়েছে।
নদীতে পানি কমে যাওয়ায় বৈদ্যুতিক টাওয়ারের বাইরে নতুন জায়গা বেরিয়ে এসেছে। সেখানে বালু, ভাঙা ইট-সুরকি, আবর্জনা ফেলে জায়গা উঁচু করা হচ্ছে। গতকাল প্রথম আলোর প্রতিনিধির সামনেই বালু ও আবর্জনা ফেলা হয়। নতুন জায়গার পাশেই সিমেন্ট মেশানো বালুর স্তূপ।
গতকাল সকালে দেখা যায়, একদিকে স্থাপিত ঘর ত্রিপল দিয়ে ঢাকা। সেখানে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়া হচ্ছে। স্থানীয় পাঁচজন দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানত রাতের বেলায় ব্যাটারিতে চার্জ দেওয়া হয়। তাঁরা বলেন, বিদ্যুৎ অফিসের (ডিপিডিসি) লোকদের সাহায্যে এখানে অবৈধ লাইন টানা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিক গ্যারেজে ১০টির মতো ব্যাটারিচালিত রিকশা চোখে পড়ে, যেগুলো মেরামত করতে হবে। প্যাডেল রিকশার কয়েকজন চালক বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলো চলে প্রধানত কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকায়। এ ছাড়া লালবাগ, চকবাজার এলাকায় নদীপাড়ের সড়কে এগুলো চলাচল করে।
নদীর জায়গায় রিকশার গ্যারেজ ও অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে ঢাকা বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, উচ্ছেদের ১৫ দিনের মধ্যে আবার রিকশার গ্যারেজ গড়ে তোলা হয়। আবার নোটিশ করা হয়েছে। অপর একজন কর্মকর্তা বলেন, উচ্ছেদের পর সীমানা দেয়াল দেওয়ার কথা, কিন্তু তা সম্ভব না হওয়ায় আবার দখল হয়ে গেছে।