বুড়িগঞ্জ ও হোগলাপাশা ইউপিতে সংঘর্ষ, ধাওয়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে (ইউপি) ও বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাপাশা ইউপিতে গতকাল শনিবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুড়িগঞ্জ ইউপির প্রত্যক্ষদর্শী চার-পাঁচজন বলেন, গতকাল বেলা একটার দিকে উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেনের একটি মোটরসাইকেল শোভাযাত্রা প্রবেশ করে। এ নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল গফুর মণ্ডলের সমর্থকদের সঙ্গে আলতাবের সমর্থকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। মানুষ দিগ্বিদিক দৌড়াদৌড়ি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি রাবার বুলেট ছোড়ে।
পরে পুলিশ আবদুল গফুরের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আলতাবের ছেলে আরাফাত হোসেনসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।
মোরেলগঞ্জের হোগলাপাশা ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম ওরফে নান্নার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় ইলিয়াস পক্ষের আলাউদ্দিন শেখ ও রেজাউল পক্ষের রফিকুল ইসলাম আহত হন। রফিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রার্থী ইলিয়াস হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। পিরোজপুর থেকে তাঁর পোস্টার নিয়ে কয়েকজন কর্মী এলাকায় ফিরছিলেন। এ সময় রেজাউলের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। তাঁরা আলাউদ্দিনকে রক্তাক্ত জখম করেন ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।