বুড়িচংয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের রেসকোর্স এলাকায় সাইফুলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৭ সেপ্টেম্বর সাইফুলের বিরুদ্ধে কুমিল্লার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ ডিসেম্বর দক্ষিণ কোরিয়াপ্রবাসী কুমিল্লা নগরের তালপুকুর পাড় এলাকার বাসিন্দা তাজ উদ্দিন খানের কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নেন সাইফুল আলম। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর ওই টাকা পরিশোধ করার কথা ছিল তাঁর। পরবর্তী সময় টাকা না দিয়ে সাইফুল ওই প্রবাসীকে একটি চেক দেন। গত ২২ মে ইসলামী ব্যাংকের কুমিল্লা শাখা ওই চেক প্রত্যাখ্যান করে। এরপর ২৮ মে তাজ উদ্দিনের আইনজীবী সৈয়দ আবদুল্লাহ পিন্টু ৩০ দিনের মধ্যে ওই টাকা পরিশোধের জন্য সাইফুলকে লিগ্যাল নোটিশ দেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় গত ২৯ জুন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (১ নম্বর আমলি আদালত) আদালতে সাইফুলকে বিবাদী করে মামলা করেন তাজ উদ্দিন। ৭ সেপ্টেম্বর ওই আদালতে মামলার হাজিরার দিন ধার্য ছিল। সাইফুল আদালতে হাজির না হওয়ায় বিচারক শফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ পরিপ্রেক্ষিতে সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাইফুল স্থানীয় আরও অনেকের কাছ থেকে টাকা নিয়ে তা পরিশোধ করছেন না বলে অভিযোগ রয়েছে।
তাজ উদ্দিন বলেন, ‘আমার দূর সম্পর্কের ভাতিজির জামাই হওয়ায় তাঁকে ৪০ লাখ টাকা ব্যবসার জন্য ধার দিই। সম্পত্তি দেখিয়ে সাইফুল প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেন।’
অভিযোগের ব্যাপারে ৭ সেপ্টেম্বর সাইফুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, ‘একটু বেকায়দায় রয়েছি। মানুষের টাকা ফেরত দেব। ৪০ লাখ টাকার বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুজ্জামান বলেন, সাইফুল একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তা পরিশোধ করছেন না বলে অভিযোগ রয়েছে।