বুড়িচংয়ে জেএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকা থেকে নাজমুল হাছান (১৪) নামের এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে কোরপাই এলাকার জমির আইলের মধ্যে তার লাশ পাওয়া যায়।
নিহত নাজমুল চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাঁর বাড়ি উপজেলার মধ্যমতলা গ্রামে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যমতলা গ্রামের আবদুর রবের ছেলে নাজমুল নিজের লেখাপড়ার খরচ জোগাতে প্রতি শুক্রবার তাঁর বড় ভাইয়ের সিএনজিচালিত অটোরিকশা চালাত। গত শুক্রবার জুমার নামাজ পড়ে খাওয়া-দাওয়া শেষে সে সিএনজিজিচালিত অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গেলেও নাজমুল বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। শনিবার ভোরে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই-পিহর সড়কের অগভীর নলকূপের ঘরের পেছনে জমির আইলের মধ্যে স্থানীয় এক কৃষক একটি গলাকাটা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তার অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে দুর্বৃত্তরা ওই শিক্ষার্থীকে হত্যা করে।