বুড়িচংয়ে নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর গতকাল রোববার কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর সেতুর নিচ থেকে স্বপন মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০টায় কুমিল্লা-সালদা সড়কের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের প্রয়াত তাজুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২৮) রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামে তাঁর বোনের বাড়ি এলাকায় ধান কাটতে যান। ওই দিন সন্ধ্যায় তিনি সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁর আর হদিস মেলেনি।
এদিকে গতকাল আজ্ঞাপুর সেতুর নিচে তাঁর লাশ দেখতে পান স্থানীয় কৃষকেরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সেতুর ওপরে কোনো দুর্ঘটনার কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
জগন্নাথপুরে গৃহিণীর লাশ উদ্ধার: সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে নিজ ঘর থেকে মিনারা বেগম নামের এক গৃহিণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও গৃহিণীর পরিবার সূত্রে জানা গেছে, মিনারা বেগমের (৫০) স্বামী সুরুজ আলী দিনমজুর। শনিবার রাতের খাওয়াদাওয়ার পর স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে ঘুম ভাঙলে সুরুজ
আলী দেখেন, ওই কক্ষে মিনারা নেই। এরপর পাশের আরেকটি কক্ষে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে মিনারার গলায় ওড়না প্যাঁচানো লাশ ঝুলছে।