বুড়িচংয়ে শওকত মাহমুদের গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বহনকারী মাইক্রোবাস আটকে
নগদ টাকা ও মুঠোফোন নিয়ে গেছে ডাকাতেরা।
এ সময় এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির তিনজন কর্মী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে ১৬ ডিসেম্বর সকালে শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশ্যে শওকত মাহমুদ ঢাকা থেকে কুমিল্লা আসেন।
কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া যাওয়ার সময় রাত সাড়ে ১২টায় শওকত মাহমুদের মাইক্রোবাসটি কুমিল্লা-মিরপুর সড়কের বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর এলাকায় পৌঁছালে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত রাস্তায় গাছ ফেলে মাইক্রোবাসের গতিরোধ করে।
এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে শওকত মাহমুদের সঙ্গে থাকা নগদ ১১ হাজার টাকা, দুটি মুঠোফোন, ক্রেডিট কার্ড, গাড়িতে থাকা ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন কবিরের কাছ থেকে ৩০ হাজার টাকা, মো. মাসুদের কাছ থেকে একটি মুঠোফোন, কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন বাবুর কাছ থেকে একটি মুঠোফোন, বুড়িচং উপজেলা যুবদলের সহসভাপতি আলমগীর কাইয়ূমের কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেয়।
ডাকাতিকালে রাস্তার দুদিক থেকে দুটি গাড়ি এলে ডাকাতেরা দৌড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় গাড়িবহরে থাকা লোকজন এক ডাকাতকে ধরে ফেলেন।
পরে তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আটক ডাকাতকে গণপিটুনি দেন। পরে তাকে নিয়ে শওকত মাহমুদ বুড়িচং থানায় আসেন। পুলিশ আটক ডাকাতকে চিকিৎসার জন্য বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শওকত মাহমুদের মুঠোফোনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুবার ফোন করেও সেটি বন্ধ পাওয়া যায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম প্রথম ্আলোকেবলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।