বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ১
মিরহাজীরবাগে গত মঙ্গলবার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মীর সেলিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
শ্যামপুর থানার পুলিশ জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীটি তার মা-বাবার সঙ্গে মিরহাজীরবাগে থাকত। গত মঙ্গলবার কিশোরীর বাবার পূর্বপরিচিত সেলিম তাদের বাসায় যায়। এ সময় কিশোরীর মা-বাবা বাসায় ছিলেন না। এ সুযোগে সেলিম কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। মা-বাবা বাসায় ফিরে এলে কিশোরী সব ঘটনা তাঁদের খুলে বলে। এরপর তাঁরা শ্যামপুর থানায় গিয়ে সেলিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবদুর রাজ্জাক গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সেলিমকে আদালতের মাধ্যমে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। সেলিম পুলিশের কাছে দাবি করেছেন, কিশোরীর বাবার কাছে তাঁর টাকা পাওনা ছিল। তিনি ওই টাকা আনতে গিয়েছিলেন। তাঁর দাবি, তিনি কিশোরীকে ধর্ষণ করেননি।