বুদ্ধিপ্রতিবন্ধী শিশুসহ দুজন ধর্ষণের শিকার
গোপালগঞ্জের কাশিয়ানী ও পটুয়াখালীর কলাপাড়ায় বুদ্ধিপ্রতিবন্ধী একটি শিশুসহ দুটি মেয়ে ধর্ষণের শিকার হয়েছে।
গোপালগঞ্জে ধর্ষণের শিকার কিশোরী এ বছর কাশিয়ানীর একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। সে জানায়, হৃদয় হোসেন (১৮) নামের এক কিশোরের সঙ্গে তার চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এসএসসি পরীক্ষায় পাস করার আনন্দে সে রোববার সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। কিশোরীর অভিযোগ, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হৃদয় তাকে উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা এলাকার একটি পাটখেতে নিয়ে যায় ও ধর্ষণ করে। পরে সেখানে হৃদয়ের দুই বন্ধু মার্কিন মুন্সী (২০) ও বিরু শেখও (১৯) তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় গতকাল সোমবার সকালে কাশিয়ানী থানায় ওই তিন যুবককে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন কিশোরীর বাবা। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক তিন কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ জানান, পরীক্ষার জন্য মেয়েটির প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি দ্বিতীয় শ্রেণিতে পড়ে। অভিযোগ উঠেছে, উপজেলার নীলগঞ্জ গ্রামের নুর ইসলাম (৪৮) শিশুটিকে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, ২৮ মে এ ঘটনা ঘটে। ওই সময় শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। তাঁরা উপজেলা সদরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে ঋণের টাকা আনতে যান। সেই সুযোগে নুর ইসলাম বাড়িতে এসে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকন্যাটির ওপর পাশবিক নির্যাতন চালায়। সন্ধ্যায় মা-বাবা বাড়িতে ফিরে মেয়েকে প্রায় অচেতন অবস্থায় দেখতে পান। রাতে শিশুটি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। পটুয়াখালী জেনারেল হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের আনার পর শিশুটির বমি হচ্ছিল। গায়েও প্রচণ্ড জ্বর ছিল। শিশুটিকে খুব ভীত মনে হয়েছে, তাই তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, নুর ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।