বুদ্ধিমতী মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতি করতে এসে বেশি টাকা পাওয়া যায়নি। তাই ৫০ লাখ টাকা না দিলে গৃহকর্তার মেয়েকে তুলে নেওয়ার হুমকি দেয় একদল ডাকাত। কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে মেয়েটি নিজেকে এবং পরিবারকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করেছে। এই ঘটনা ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামে।
গৃহকর্তা জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ১০-১২ জন ডাকাত দরজা ভেঙে তাঁদের বাড়িতে ঢোকে। ডাকাতেরা টাকা দাবি করলে তিনি তাদের আলমারির চাবি দেন। চাবি নিয়ে আলমারি খুলে সেখানে রাখা প্রায় দেড় লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে আরও টাকা দাবি করে ডাকাতেরা। কিন্তু তা দিতে না পারায় তারা শাবল দিয়ে তাঁর স্ত্রীর মাথা ও পায়ে আঘাত করে। এতে তিনি আহত হন।
গৃহকর্তা আরও জানান, একপর্যায়ে ডাকাতেরা তাঁর কাছে ৫০ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়া হলে তারা তাঁর মেয়েকে তুলে নেবে বলে হুমকি দেয়। এ কথা শুনে তিনি এবং তাঁর স্ত্রী ভয় পেয়ে যান। কিন্তু মেয়ের অসাধারণ বুদ্ধিমত্তায় তাঁরা রক্ষা পান। তিনি আরও জানান, ডাকাতদের কথা শুনে তাঁর মেয়ে তাঁকে বলে, ‘আব্বু বারান্দার টিনের বাক্সে তো টাকা আছে ওখান থেকে তাদের টাকা দিয়ে দাও না।’ এ সময় ডাকাতেরা বারান্দার দিকে ছুটে গেলে তার মেয়ে দ্রুত ঘরের বাইরে বের হয়ে পাশের পাড়ায় চলে যায় এবং পাড়ার লোকদের ঘটনা জানায়। মেয়েকে না পেয়ে ডাকাতেরা চলে যায়। গতকাল মেয়েটি বলে, ‘আমি দেখলাম আব্বু ও আম্মু অসহায়। ডাকাতেরা আমাকে নিয়ে যাবেই। শেষ পর্যন্ত বুদ্ধি খাটিয়ে এই পথটা বের করলাম। আল্লার রহমতে বেঁচেও গেলাম।’